যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেতে আবেদনকারীদের জন্য নতুন আর্থিক শর্ত আরোপের পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। প্রস্তাব অনুযায়ী, আবেদনকারীদের কাছ থেকে সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত আগাম জামানত নেওয়া হতে পারে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে *দ্য ওয়াল স্ট্রিট জার্নাল* জানিয়েছে, বিদেশ থেকে স্থায়ী অভিবাসী ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে এই জামানত ব্যবস্থার বিষয়টি বিবেচনায় রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আবেদনকারীর আর্থিক সক্ষমতা অনুযায়ী জামানতের পরিমাণ ভিন্ন হতে পারে।
প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে আবেদনকারীদের নির্দিষ্ট অঙ্কের অর্থ জমা দিতে হবে। পরবর্তীতে তারা নাগরিকত্ব অর্জন করলে ওই অর্থ ফেরত পাওয়ার সুযোগ থাকতে পারে। তবে নাগরিকত্ব পেতে কয়েক বছর সময় লাগতে পারে।
কর্মকর্তাদের মতে, এই ব্যবস্থা এক ধরনের আর্থিক নিরাপত্তা হিসেবে কাজ করবে। কোনো অভিবাসী যুক্তরাষ্ট্রে গিয়ে নিজের খরচ বহনে ব্যর্থ হলে যাতে সরকারের ওপর অতিরিক্ত চাপ না পড়ে, সে বিষয়টি বিবেচনায় রেখেই এই পরিকল্পনা নেওয়া হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুরুতে কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এই নীতি চালু করা হতে পারে। তবে এখনো এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়।
বিশ্লেষকদের মতে, ১ লাখ ডলারের মতো বড় অঙ্কের জামানত স্বল্প ও নিম্ন আয়ের দেশের আবেদনকারীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল