১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মার্কিন আগ্রাসন চললে হরমুজ প্রণালি খোলা হবে না: ইরান

যুক্তরাষ্ট্রের আগ্রাসন ও যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে হরমুজ প্রণালি কখনই উন্মুক্ত করা হবে না বলে জানিয়েছে ইরান।

মঙ্গলবার (১৪ জুলাই) দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এক বিবৃতিতে বলেন, এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিয়ন্ত্রণ ও সুরক্ষার প্রশ্নে ইরানের সশস্ত্র বাহিনী কোনো অবস্থাতেই ছাড় দেবে না। হরমুজ প্রণালি উন্মুক্ত করার একমাত্র শর্ত হচ্ছে ইরানি জনগণের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন।

তিনি আরও বলেন, ইসলামি বিপ্লবের শহীদ নেতাসহ নিহতদের রক্তের প্রতিশোধ নিতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ এবং যেকোনো মূল্যে সেই প্রতিশোধ নেওয়া হবে।

বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

সূত্র: দ্য ডন

Home R3