হরমুজ প্রণালি এবং ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর চলমান অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসগারের দিকে গিয়েছে তিনটি ইরানি ট্যাংকার জাহাজ। ট্যাংকার জাহাজগুলোর গন্তব্য কোথায়, তা অবশ্য জানা যায়নি। জাহাজ ৩টির নাম হলো- ‘ডিপ সি’, ‘সোনিয়া আই’ এবং ‘দিওনা’।
তিনটি জাহাজই ইরানি অপরিশোধিত তেলে ‘লোডেড’ বা পরিপূর্ণ ছিল। সমুদ্রে বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থা কেপলারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, ইরানের খার্গ দ্বীপে গত ২ এপ্রিল ‘ডিপ সি’, ৮ এপ্রিল ‘সোনিয়া আই’ এবং ৯ এপ্রিল ‘দিওনা’-তে তেল লোড করা হয়েছিল। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) একে একে ৩টি জাহাজই খার্গ দ্বিপ থেকে হরমুজ প্রণালি হয়ে পারস্য উপসাগরের দিকে গেছে।
উল্লেখ্য, ১০ এপ্রিলের পর এই প্রথম কোনো ইরানি ট্যাংকার জাহাজ হরমুজ প্রণালি পাড়ি দিলো।
গত ১১ এপ্রিল ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সংলাপ ব্যর্থ হওয়ার পরের দিন ১২ এপ্রিল হরমুজ প্রণালি ও ইরানের সমুদ্র বন্দরগুলোতে অবরোধ জারি করেছিল মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। এক বার্তায় সেন্টকোমের পক্ষ থেকে বলা হয়েছিল, অবরোধ জারির পর কোনো বিদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে ইরানের কোনো বন্দরে যেতে পারবে না, ইরানের কোনো জাহাজও বন্দর ত্যাগ করতে পারবে না।
তবে গত কয়েক দিন ধরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফা সংলাপ হবে বলে গুঞ্জন উঠেছে। পাকিস্তান ইতোমধ্যে দ্বিতীয় দফা সংলাপের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া শুরু করেছে বলেও জানা গেছে।
এসবের মধ্যেই হরমুজ পাড়ি দিলো তিন ইরানি ট্যাংকার জাহাজ।
সূত্র : এএফপি, টাইমস অব ইসরায়েল