ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় উদ্ধার কার্যক্রম জোরদার করতে ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ড সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, অনুসন্ধান ও উদ্ধারকাজে দক্ষ ৮৫ সদস্যের একটি বিশেষজ্ঞ দল দ্রুত ভেনেজুয়েলায় পাঠানো হচ্ছে। তিনি ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে কথা বলে দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সেনাবাহিনীর জরুরি ইউনিটের ৫৪ সদস্যের একটি উদ্ধারকারী দল মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে। এ দলে অনুসন্ধানী কুকুর ও আধুনিক উদ্ধার সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে।
নেদারল্যান্ডস উদ্ধারকারী দল পাঠানোর পাশাপাশি প্রায় ২০ লাখ ইউরো বরাদ্দের ঘোষণা দিয়েছে, যা উদ্ধারকর্মী, অনুসন্ধানী কুকুর ও প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েনে ব্যয় করা হবে।
অন্যদিকে সুইজারল্যান্ড জানিয়েছে, ‘সুইস রেসকিউ চেইন’-এর আওতায় ৮০ সদস্যের একটি দল, আটটি অনুসন্ধানী কুকুর এবং ১৮ টন উদ্ধার সরঞ্জাম দ্রুত ভেনেজুয়েলায় পাঠানো হবে।
এদিকে টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। ভূমিকম্পের পর রাজধানী কারাকাসে আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।