৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারত সীমান্তে ২৫০টি দূরপাল্লার অত্যাধুনিক কামান মোতায়েন করল পাকিস্তান

ভারতের সীমান্তজুড়ে পাকিস্তান ২৫০টি চীনা নির্মিত এসএইচ-১৫ ট্রাকচালিত হাউইটজার মোতায়েন করেছে বলে ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাতে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান সেনাবাহিনী উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ভারতের সঙ্গে পূর্ব সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে ধাপে ধাপে ১৫৫ মিলিমিটার ক্যালিবারের এই আর্টিলারি ব্যবস্থা স্থাপন করছে। সাম্প্রতিক বছরগুলোতে এটিকে দেশটির অন্যতম বড় আর্টিলারি শক্তিবৃদ্ধি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এতে বলা হয়, ২০২৫ সালের মে মাসে ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর পর সামরিক আধুনিকায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই অভিযানে নিয়ন্ত্রণরেখা (এলওসি) ও পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছিল ভারত।

চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান নরিনকো নির্মিত এসএইচ-১৫ হাউইটজারটি মূলত পিসিএল-১৮১ স্বচালিত কামানের রপ্তানি সংস্করণ। এটি সাঁজোয়া ট্রাক চেসিসে স্থাপিত হওয়ায় দ্রুত মোতায়েন ও অবস্থান পরিবর্তনে সক্ষম।

প্রতিবেদন অনুযায়ী, এই হাউইটজার ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার গতিতে চলতে পারে এবং দুর্গম এলাকাতেও দ্রুত অবস্থান বদলাতে সক্ষম। ১৫৫ মিলিমিটার ও ৫২-ক্যালিবারের এই কামান থেকে ছোড়া সাধারণ গোলার পাল্লা ৩০ থেকে ৪০ কিলোমিটার, আর রকেট সহায়ক গোলা ব্যবহার করলে ৫৩ থেকে ৭২ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

এতে স্বয়ংক্রিয় ফায়ার কন্ট্রোল ব্যবস্থা ও হাইড্রোলিক স্ট্যাবিলাইজার থাকায় দ্রুত অবস্থান নিয়ে প্রতি মিনিটে সর্বোচ্চ ছয়টি গোলা ছোড়া সম্ভব এবং পাল্টা হামলার আগেই স্থান পরিবর্তন করা যায়।

ভারতীয় প্রতিরক্ষা সূত্রের দাবি, এই ২৫০টি হাউইটজার একাধিক আর্টিলারি রেজিমেন্টকে সজ্জিত করার জন্য যথেষ্ট, যা পাকিস্তানের দীর্ঘপাল্লার হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে।

প্রতিবেদনে আরও বলা হয়, এই অস্ত্র সরবরাহ বেইজিং ও ইসলামাবাদের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতার নতুন উদাহরণ। গত এক দশকে অস্ত্র সরবরাহের পাশাপাশি যৌথ সামরিক মহড়াও বাড়িয়েছে দুই দেশ।

এদিকে, রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে চীনের পিপলস লিবারেশন আর্মির ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেন, পাকিস্তান-চীন সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও দৃঢ় রয়েছে।

অনুষ্ঠানে পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জিয়াং জাইদংসহ দুই দেশের সামরিক ও কূটনৈতিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

Home R3