ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ৫ আগস্টের পর ইউনূস সরকারের সঙ্গে ভারতের যে সম্পর্ক তৈরি হয়েছিল, এখন সেখান থেকে তারা বেরিয়ে আসতে চায়। তাই এখন যে পুশ ইন হচ্ছে সেটা ইচ্ছাকৃত হচ্ছে বলে আমরা বিশ্বাস করি না। এই সমস্যা সহসাই সমাধান হয়ে যাবে।
মঙ্গলবার (৯ জুন) সবিচালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শিক্ষা নিয়ে জাহেদ উর রহমান বলেন, শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর জন্য প্রাথমিক শিক্ষা থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত কারিগরি শিক্ষার ওপর জোর দিচ্ছে সরকার। যা আওয়ামী লীগ সরকার করেনি বলে দেশে দক্ষ জনগণ তৈরি হয়নি।
উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের অগ্রগতি নিয়ে তিনি বলেন, দেশের সব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উপনীত করা হবে। এখন ১০১ শয্যা রয়েছে শুধুমাত্র ৮টি উপজেলায়।
দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের চুক্তির কাজ এগিয়ে চলছে বলে এসময় জানান জাহেদ।
জ্বালানি তেলের দাম নিয়ে তিনি বলেন, দাম বাড়ানোর পরেও বৈশ্বিক বাজারের তুলনায় দেশে জ্বালানি তেলের দাম এখনো কম।
শেয়ারবাজার নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, বিএনপির সময় কখনো শেয়ার বাজারের সমস্যা ছিল না। যেটা আওয়ামী লীগ সরকারের সময় দেখা গেছে।