ভারতের স্বাধীনতা দিবসকে ‘কালো দিবস’ হিসেবে পালন করেছে কাশ্মীরিরা। এ উপলক্ষে পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে একটি বড় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কাশ্মীর মিডিয়া সার্ভিসের বরাতে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) কাশ্মীরের রাজনৈতিক ও ধর্মীয় সর্বদলীয় জোট ‘অল পার্টিস হুররিয়াত কনফারেন্স আজাদ জম্মু-কাশ্মীর’ (এপিএইচসি-এজেকে) এই কর্মসূচির আয়োজন করে। সংগঠনের আহ্বায়ক গোলাম মুহাম্মদ সাফির নেতৃত্বে মুজাফফরাবাদ প্রেস ক্লাব থেকে আলমদার চৌক পর্যন্ত বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ভারতের বিরুদ্ধে ও স্বাধীনতার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, আত্মনিয়ন্ত্রণের অধিকার কাশ্মীরিদের একটি মৌলিক অধিকার এবং ভারত থেকে পূর্ণ স্বাধীনতা অর্জিত না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম অব্যাহত থাকবে। বক্তাদের দাবি, জম্মু ও কাশ্মীরে ভারতের অবস্থান একজন দখলদারের মতো; তাই দখলকৃত ভূখণ্ডে স্বাধীনতা দিবস উদযাপনের কোনো অধিকার তাদের নেই। জাতিসংঘ ও বৈশ্বিক পরাশক্তিগুলো যদি কার্যকর পদক্ষেপ না নেয়, তবে ভারতীয় বাহিনীকে এই বিতর্কিত অঞ্চল থেকে অপমানজনকভাবে বিদায় নিতে হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
বক্তারা আরও অভিযোগ করেন, আন্তর্জাতিক সম্প্রদায় নীরব দর্শকের ভূমিকা পালন করায় কাশ্মীরিদের জীবন ও সম্পদ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। তারা জাতিসংঘকে দ্বিমুখী নীতি পরিহার করে নিজস্ব প্রস্তাবনা ও কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাশ্মীর সংকটের টেকসই সমাধান করার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে এপিএইচসি-এজেকের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ আহমেদ, কাশ্মীর লিবারেশন সেলের পরিচালক রাজা সাজ্জাদ, শিক্ষা সচিব চৌধুরী আবদুর রহমানসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে সংগঠনটির পক্ষ থেকে মুজাফফরাবাদে অবস্থিত জাতিসংঘ কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়।