মার্কিন ডলারের মান ও বন্ডের মুনাফার হার (ইল্ড) কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। আগের দিন মঙ্গলবার মুদ্রাস্ফীতির আশঙ্কায় স্বর্ণের দর প্রায় ২ শতাংশ কমলেও বুধবার (১৯ আগস্ট) বাজার ঘুরে দাঁড়িয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ০.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪,৩৭০.১৯ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন সোনার ফিউচার চুক্তি বেড়ে প্রতি আউন্স ৪,৪২৫.৪০ ডলারে পৌঁছেছে।
বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখতে পারে—এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা সুদবিহীন নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন।
এদিকে, মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালি ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম তিন সপ্তাহের সর্বোচ্চে উঠেছে। একই সঙ্গে রুপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের মতো অন্যান্য মূল্যবান ধাতুর দামেও কিছুটা ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়েছে।
সূত্র: রয়টার্স।