চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৯ আগস্ট) বিকেল ৪টায় মাদ্রাসা প্রাঙ্গণে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরসূচির অংশ হিসেবে আয়োজিত এই বিশেষ মতবিনিময় সভায় দেশের শীর্ষ পর্যায়ের প্রায় ৭০ জন বিশিষ্ট আলেমেদ্বীন অংশগ্রহণ করছেন। বৈঠকে ধর্মীয় নানা দিক ও জাতীয় নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার কথা রয়েছে।
উচ্চপর্যায়ের এই বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল এবং উত্তর চট্টগ্রামের স্থানীয় সংসদ সদস্যসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে ফটিকছড়িতে পৌঁছান। সেখান থেকে সরাসরি তিনি বাবুনগর মাদ্রাসায় যান এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে আলেমদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।