বাংলাদেশসহ চার দেশের ওমরাহযাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে সৌদি আরব। নতুন নীতিমালার আওতায় এখন থেকে ওমরাহ ভিসা পেতে হলে বাধ্যতামূলকভাবে ‘নুসুক’ ফুড ভাউচার কিনতে হবে। প্রতিদিনের খাবারের জন্য নির্ধারিত এই ভাউচারের মূল্য প্রায় ২০ সৌদি রিয়াল, যা সরাসরি ভিসা ফি’র সঙ্গে যুক্ত করা হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম *দ্য নিউজ*। প্রতিবেদনে বলা হয়, নতুন এই নিয়মটি রবিউল আউয়াল মাসের ১ তারিখ থেকে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও মিশরের ওমরাহযাত্রীদের ক্ষেত্রে কার্যকর হবে।
নতুন ব্যবস্থার আওতায় ওমরাহযাত্রীদের হোটেল বুকিং, পরিবহন এবং খাবারসহ বিভিন্ন সেবা একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে। এ উদ্যোগ বাস্তবায়নে মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার রেস্তোরাঁকে ‘নুসুক’ অ্যাপের সঙ্গে যুক্ত করা হয়েছে।
প্রতিটি ওমরাহ ভিসার সঙ্গে একটি স্বতন্ত্র কোড যুক্ত থাকবে। ওই কোড ব্যবহার করে নির্ধারিত ও অনুমোদিত রেস্তোরাঁ থেকে খাবার সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ওমরাহযাত্রীদের জন্য মানসম্মত ও সুশৃঙ্খল খাবার নিশ্চিত করা এবং অনিবন্ধিত সেবা প্রদানকারীদের কার্যক্রম নিয়ন্ত্রণে আনা। পাশাপাশি ওমরাহ ব্যবস্থাপনায় সার্বিক উন্নয়ন সাধনও এর অন্যতম উদ্দেশ্য।
তবে নতুন এই নিয়মের কারণে ওমরাহ প্যাকেজের মোট খরচ কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোর ট্রাভেল এজেন্সিগুলোকে তাদের প্যাকেজ ও মূল্য পুনর্বিবেচনা করতে হতে পারে।