২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত রাখার বিতর্কিত মার্কিন নীতি বাতিল ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। স্থানীয় সময় শুক্রবার (২১ আগস্ট) দেওয়া এক রায়ে আদালত জানান, এই নীতি বাস্তবায়ন করতে গিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

ম্যানহাটনের মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জিনেট ভার্গাস তাঁর পর্যবেক্ষণে উল্লেখ করেন, গত জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষিত এই স্থগিতাদেশ নীতিটি ‘স্পষ্টতই বেআইনি’ এবং ফেডারেল অভিবাসন আইনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। ফেডারেল আইন অনুসারে, অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণে কনস্যুলার কর্মকর্তাদের ওপর পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপের ক্ষমতা সুনির্দিষ্টভাবে সীমিত রাখা হয়েছে। সাধারণত সংশ্লিষ্ট ভিসা কর্মকর্তারাই আবেদন যাচাই-বাছাই করে ভিসা অনুমোদনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন।

সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নিযুক্ত বিচারক ভার্গাস রায়ে বলেন, আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে এভাবে ঢালাওভাবে অভিবাসী ভিসা স্থগিত করা দেশটির প্রচলিত আইনি কাঠামোর চরম লঙ্ঘন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে কার্যকর হওয়া ওই নীতির ফলে বাংলাদেশ ও পাকিস্তানসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। তালিকায় দক্ষিণ এশিয়ার দুই দেশ ছাড়াও লাতিন আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে; বলকান অঞ্চলের আলবেনিয়া, বসনিয়া এবং আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ অন্তর্ভুক্ত ছিল। আদালতের এই রায়ের ফলে এসব দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা পাওয়ার পথ পুনরায় উন্মুক্ত হলো।

Home R3