১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ফ্যাসিজমের পথে হাঁটছে বিএনপি: হুঁশিয়ারি জামায়াতের

বিএনপি ফ্যাসিজমের পথে হাঁটছে। নতুন করে ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে বিরোধী দল লড়াই চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির ও বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে জরুরি সংবাদ সম্মেলনে তিনি শেরপুর ও বগুড়া উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তোলেন। ডা. শফিকুর রহমান বলেন, সরকারের সংখ্যাগরিষ্ঠতার জোরে কয়েকটি গণবিরোধী আইন পাশ হয়েছে। বিচারক নিয়োগে এমন পদ্ধতি বেছে নেওয়া হয়েছে যা ফ্যাসিবাদ সৃষ্টির সম্ভাবনা রাখে।

তিনি আরও বলেন, বিএনপি প্রমাণ করেছে হাসিনা খারাপ কিন্তু তার নীতি ভালো।

অন্যদিকে, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি গণমাধ্যমকে জানান, এই আইনগুলো বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত ও স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ করার জন্য পাশ করা হয়েছে।

এর আগে সন্ধ্যায় সংসদ থেকে ওয়াকআউট করে জরুরি সংবাদ সম্মেলন ডাকার ঘোষণা দেন জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল। ডা. শফিকুর রহমান স্পিকার অনুমতির আগে বলেন, দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও কয়েকটি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা এর দায় নিতে চাই না। তাই সংসদ থেকে ওয়াকআউট করছি।