২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র হামলার চেষ্টা করলে নতুন কৌশলে জবাব দেবে ইরান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী শাখার রাজনৈতিক উপ-প্রধান মোহাম্মদ আকবরজাদে বলেছেন, যুক্তরাষ্ট্র আবারও কোনো ভুল হিসাব করে ইরানের ওপর হামলা চালাতে চাইলে এবার তাদের নতুন কৌশলের মুখোমুখি হতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় মিনাব শহরের শহীদ স্মৃতিস্তম্ভে উপস্থিত জনগণের উদ্দেশ্যে বক্তব্যে তিনি শত্রুদের সতর্ক করে বলেন, “প্রতিটি নতুন শয়তানির জবাবে আমরা নতুন চমক দেখাই।”

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয়, তাহলে বিপ্লবী গার্ডের নৌবাহিনী তাদের আধুনিক সক্ষমতা ও নতুন কৌশল ব্যবহার করবে।

সম্ভাব্য হুমকির মোকাবেলায় বাহিনীর পূর্ণ প্রস্তুতির কথা উল্লেখ করে আকবরজাদে বলেন, যুক্তরাষ্ট্র আবারও আগ্রাসন চালালে ইরান উন্নত লক্ষ্য নির্ধারণ প্রযুক্তিসহ নতুন সামরিক কৌশল প্রয়োগ করবে এবং “অপরাধী শাসনব্যবস্থার বিশাল যুদ্ধজাহাজগুলোকে অচল করে দেবে।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র পুনরায় কোনো আগ্রাসন চালালে ইরান অন্যান্য প্রতিরোধ ফ্রন্টেও তাদের শক্তির বিভিন্ন উপকরণ ব্যবহার করবে।

সূত্র: ফার্স নিউজ এজেন্সি