১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

পাটওয়ারীকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে: রাশেদ

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে রাজনৈতিক কর্মসূচি পালন করলে বিএনপি সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

তিনি বলেন, ‘আপনারা দেশের যেখানেই যান, নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ রেখে যান। বিএনপির পক্ষ থেকে প্রতিটি জায়গায় আমরা আপনাদের সহযোগিতা করব।’

শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খাঁন।

রাশেদ খাঁন বলেন, বিভিন্ন জেলায় রাজনৈতিক সফরের সময় এনসিপির নেতারা, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী, আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। এ ধরনের বক্তব্য ঝিনাইদহবাসী মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিরোধী দল হিসেবে রাজনৈতিক কর্মসূচি পরিচালনায় বিএনপির আপত্তি নেই। তবে উসকানিমূলক বক্তব্য দেওয়া হলে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হওয়াটা স্বাভাবিক।

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক নেতৃত্বের প্রশংসা করে রাশেদ খাঁন বলেন, তিনি সহনশীল, আন্তরিক ও বিনয়ী একজন নেতা। বিরোধী দলগুলোর উচিত তার রাজনৈতিক আচরণ ও সহনশীলতা থেকে শিক্ষা নেওয়া।

Home R3