ভারতের পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কলকাতার ঐতিহাসিক বেড বোডে ঈদুল আজহার নামাজ না হওয়ার সিদ্ধান্ত নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
১৯১৯ সাল থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষ নিয়মিত এই সড়কে ঈদের নামাজ আদায় করে আসছিলেন। কলকাতার খেলাফত কমিটির আয়োজিত এই ঈদ জমায়েতকে ভারতের অন্যতম বড় জামাত বলে দাবি করা হয়, যেখানে কলকাতা, শহরতলি, বিভিন্ন জেলা এবং বাংলাদেশ থেকে আসা অগণিত পর্যটকরাও শামিল হতেন।
তার বদলে এবার ঐতিহ্যবাহী এই নামাজটি রেড রোড থেকে ৫০০ মিটার দূরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে ইতোমধ্যে জামাতের সমস্ত প্রস্তুতিও নেয়া হয়েছে।
ঐতিহাসিক এই স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও, অনেকের মতে রাজ্যটির নতুন সরকারের এমন কিছু নিয়ম সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে।
এমনিতেই এ বছর কোরবানির পশু জবাই নিয়ে সরকারের নির্দেশনায় রাজ্যের মুসলমানরা ক্ষুব্ধ, তার ওপর রেড রোড থেকে জামাত সরিয়ে নেয়ায় ব্রিগেডে কেমন সমাগম হবে তা নিয়েও এখন প্রশ্ন উঠতে শুরু করেছে।