২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে গণমাধ্যমকে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটা তো সর্বজনবিদিত, আমার মুখ থেকে শুনে কী লাভ? আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।” পদত্যাগপত্রে স্বাক্ষর সম্পন্ন হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি সংক্ষিপ্তভাবে বলেন, “বলে দিছি, বুঝে নেন।”

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা চলাকালেই বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৫টায় জাতীয় সংসদের শপথ কক্ষে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।

স্পিকার সম্প্রতি চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন। তার ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের প্রেক্ষিতে নির্ধারিত সময়ের দুই দিন আগেই তিনি দেশে ফিরে আসেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এছাড়া, ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

এদিকে, বঙ্গভবনের এক কর্মকর্তা জানিয়েছেন, কয়েক দিন আগে রাষ্ট্রপতি ইঙ্গিত দিয়েছিলেন যে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে এবং শিগগিরই বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি নিতে হবে। তবে ‘ওরা’ বলতে কাদের বোঝানো হয়েছে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল।