দায়িত্ব নেওয়ার এক বছর পর ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর পদত্যাগপত্র গ্রহণ করেছে দেশটির পার্লামেন্ট। তবে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনো নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা না করায় মন্ত্রিসভার এই রদবদলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী আইনপ্রণেতারা।
মঙ্গলবার (১৫ জুলাই) পার্লামেন্টে ইউলিয়ার পদত্যাগপত্র অনুমোদন করা হয়। বিদায়ী ভাষণে তিনি বলেন, যুদ্ধের এই সময়ে প্রতিদিনই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি সরকারের প্রতি আস্থা রাখায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আসন্ন শীতকাল ও জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য রুশ হামলার কথা উল্লেখ করেন।
বিরোধী আইনপ্রণেতারা বলেন, সরকার পরিবর্তনের কারণ স্পষ্ট নয় এবং নতুন সরকারেও বড় কোনো পরিবর্তন আসবে বলে মনে হয় না। ইউলিয়ার মেয়াদে জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না।
স্থানীয় গণমাধ্যম ও আইনপ্রণেতাদের ধারণা, রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কোম্পানি নাফতোগ্যাসের প্রধান সেরহি কোরেৎসকি নতুন প্রধানমন্ত্রী হতে পারেন। এ বিষয়ে বৃহস্পতিবার পার্লামেন্টে ভোট হওয়ার কথা রয়েছে।