যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোর আদলে নতুন একটি সামরিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। এ লক্ষ্যে তিন দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৭ আগস্ট) সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এতে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান স্বাক্ষর করবেন।
চুক্তি স্বাক্ষরে অংশ নিতে ইতোমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির জেদ্দায় পৌঁছেছেন। অন্যদিকে, প্রেসিডেন্ট এরদোগানেরও নির্ধারিত সময়ে সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের লক্ষ্যে দীর্ঘদিন ধরেই তিন দেশের মধ্যে আলোচনা চলছিল। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা, বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা—এই জোট গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে।
প্রস্তাবিত জোটে সৌদি আরব আর্থিক ও আঞ্চলিক প্রভাব কাজে লাগাবে, তুরস্ক প্রদান করবে আধুনিক সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্প সক্ষমতা, আর পাকিস্তান যুক্ত করবে তার পারমাণবিক সক্ষমতা ও অভিজ্ঞ সেনাবাহিনী।
বিশ্লেষকদের মতে, জোটটি গঠিত হলে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যুক্ত হতে পারে।