ইসলামিক আমিরাতের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, মার্কিন সেনা প্রত্যাহারের পাঁচ বছর পর আফগানিস্তান নিঃসন্দেহে আগের চেয়ে ভালো অবস্থায় রয়েছে। তবে তিনি স্বীকার করেছেন, দেশটি এখনও অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি।
আরটি ইন্ডিয়া’র সাংবাদিক রুনঝুন শর্মাকে দেওয়া এক সাক্ষাৎকারে মুজাহিদ বলেন, বিদেশি সেনারা চলে যাওয়ার মাধ্যমে আফগানিস্তান তার স্বাধীনতা ফিরে পেয়েছে। এখন দেশ পুনর্গঠনের দায়িত্ব আফগানদের নিজেদের কাঁধে।
২০২১ সালের আগস্টে আমেরিকার সেনা প্রত্যাহার এবং আগের সরকারের পতনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কাবুল ওয়াশিংটনের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায়। এর অংশ হিসেবে আফগানিস্তানে আমেরিকার দূতাবাস পুনরায় চালু করা এবং আমেরিকায় আফগানিস্তানের একটি কূটনৈতিক মিশন প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
মাওলানা মুজাহিদ আরও বলেন, আফগানিস্তানের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং দেশটির জব্দ করে রাখা অর্থ ছাড় করে দেওয়া উচিত। তার মতে, এতে কাবুল ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নত হতে পারে।
রাশিয়াকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার উল্লেখ করে তিনি বলেন, বাণিজ্য, পুনর্গঠন, জ্বালানি ও জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে মস্কোর সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ইমারাতে ইসলামিয়া।
আন্তর্জাতিক স্বীকৃতির বিনিময়ে আফগানিস্তান তার অভ্যন্তরীণ নীতিতে কোনো পরিবর্তন আনবে না জানিয়ে নারী ও মেয়েদের ওপর প্রতিষ্ঠা করা আইনের ব্যাপারে মাওলানা মুজাহিদ বলেন, আফগানিস্তানের নিজস্ব ধর্মীয় বিশ্বাস, জাতীয় স্বার্থ ও আইন রয়েছে। এসব বিষয় আন্তর্জাতিকভাবে সম্মান করা উচিত।
সূত্র : আরিয়ানা নিউজ