ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পাকিস্তানের শীর্ষ বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘জিও নিউজ’-এর লাইসেন্স ও সম্প্রচার ১৫ দিনের জন্য বন্ধ করে দিয়েছে দেশটির ইলেকট্রনিক গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা (পেমরা)। শনিবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয় এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়।
পেমরা জানায়, মহররম উপলক্ষে গত ১০ তারিখে প্রচারিত বিশেষ অনুষ্ঠান ‘সফর-ই-ইশকে’-তে এমন কিছু দৃশ্য উপস্থাপন করা হয়, যা দর্শকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। সংস্থাটি আরও উল্লেখ করে, এ ধরনের উপস্থাপনা সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে পারে এবং জনমনে অস্থিরতা সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে।
এই গুরুতর নীতিমালা লঙ্ঘনের কারণে জিও নিউজের উপগ্রহসহ সব ধরনের সম্প্রচার ও বিতরণ ব্যবস্থা ১৫ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি পরবর্তী তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পেমরার ‘অভিযোগ পরিষদ’-এ পাঠানো হয়েছে।
এদিকে, ঘটনার পর জিও নিউজ তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ঘটনাটিকে ‘সম্পাদকীয় ভুল’ হিসেবে স্বীকার করে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছে। চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিতর্কিত ওই অংশ তাদের কোনো নীতিগত অবস্থানকে প্রতিফলিত করে না।
‘সফর-ই-ইশকে’ অনুষ্ঠানে মূলত ইরাক ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলের স্থানীয় রীতিনীতি তুলে ধরা হয়েছিল বলে দাবি করে চ্যানেলটি। তারা জানায়, এটি কোনো নির্দিষ্ট ধর্মীয় মতাদর্শ প্রচার বা সমর্থনের উদ্দেশ্যে প্রচার করা হয়নি।
উল্লেখ্য, ২০০২ সালে প্রতিষ্ঠিত জিও নিউজ পাকিস্তানের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম। তবে সংবেদনশীল ধর্মীয় প্রেক্ষাপট ও কঠোর সম্প্রচার নীতিমালার কারণে এবার বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে চ্যানেলটিকে।
সূত্র: আরব নিউজ