দেশের শিক্ষা ব্যবস্থার গত দুই দশকের অবহেলায় বড় ধরনের অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, বর্তমানে বাংলাদেশের এইচএসসি পর্যায়ের শিক্ষার মান সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমমানের মতো হয়ে দাঁড়িয়েছে।
রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ২০২৫–২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রতিমন্ত্রী বলেন, বিগত দুই দশকে প্রাথমিক ও গণশিক্ষা খাতে চরম অব্যবস্থাপনা ও অবহেলা ছিল, যার প্রভাব এখন উচ্চশিক্ষা পর্যায়েও পড়ছে। তার মতে, এর ফলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল অর্জন করতে পারছে না।
তিনি আরও বলেন, এই অবস্থা থেকে উত্তরণে সরকার শিক্ষা খাতকে আমূল পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে। কারিকুলাম সংস্কার, শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করা হবে।
প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের কথাও সংসদে তুলে ধরেন প্রতিমন্ত্রী। এ বিষয়ে সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, কিছু মহল এ উদ্যোগকে ভুলভাবে উপস্থাপন করছে, যা উদ্দেশ্যপ্রণোদিত।
বাজেট প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, এটি একটি উন্নয়নমুখী ও আশাবাদী বাজেট, যেখানে সৃজনশীল অর্থনীতি ও পুরোনো শিল্পকারখানা পুনরুজ্জীবনের মাধ্যমে জাতীয় আয় বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।
তিনি বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সবাইকে সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে।