১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

দক্ষ মানবসম্পদ গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের নীতিগত অগ্রাধিকার। উৎপাদনশীল, আত্মনির্ভর, বৈষম্যহীন ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে দক্ষতা উন্নয়নকে জাতীয় কৌশলের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, পরিবর্তিত বৈশ্বিক অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ প্রেক্ষাপটে ‘বিশ্ব যুব দক্ষতা দিবস’ উদযাপন তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী জানান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) প্রতিবছরের মতো এ বছরও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের উদ্যোগ নিয়েছে। সরকার দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতার আন্তর্জাতিক মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি বলেন, দেশের যুবসমাজই সবচেয়ে বড় সম্পদ। তাদের দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি করা গেলে শিল্পায়ন, উৎপাদনশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে এবং বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশনসহ উদীয়মান প্রযুক্তির বিকাশ নতুন চ্যালেঞ্জের পাশাপাশি নতুন সম্ভাবনারও সৃষ্টি করছে। এ বাস্তবতায় দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সরকার কাজ করছে।

তিনি আশা প্রকাশ করেন, দক্ষতা উন্নয়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, পুনঃদক্ষায়ন ও দক্ষতার নবায়নের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে ‘বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৬’ দেশের টেকসই উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Home R3