ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে উদ্দেশ করে আবারও কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, মেলোনি একসময় তার ‘বড় ভক্ত’ ছিলেন।
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনে মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য অনুরোধ করেছিলেন—ট্রাম্পের এমন মন্তব্য ঘিরেই মূলত এই বিতর্কের সূচনা। তবে ট্রাম্পের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে তা প্রত্যাখ্যান করেছেন মেলোনি।
পাল্টাপাল্টি বক্তব্যের ধারাবাহিকতায় এনবিসি নিউজের সাংবাদিক গ্যাব গুতিয়ারেজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নতুন করে মেলোনিকে আক্রমণ করেন। তিনি বলেন, “তিনি আমার বড় ভক্ত ছিলেন। কিন্তু এখন আমি আর তাকে ভক্ত হিসেবে চাই না।” হরমুজ প্রণালি ইস্যুতে ন্যাটো জোটের সঙ্গে ইতালির অবস্থান না থাকার অভিযোগও তোলেন তিনি।
এর আগে ইতালীয় টেলিভিশন চ্যানেল ‘লা সেভেন’ জানায়, ট্রাম্প দাবি করেছিলেন মেলোনি তার সঙ্গে ছবি তুলতে ‘খুবই আগ্রহী’ ছিলেন। এমনকি তিনি মন্তব্য করেন, করুণাবশতই তিনি সেই ছবি তুলতে রাজি হয়েছিলেন।
ট্রাম্পের এসব মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান জর্জিয়া মেলোনি। শুক্রবার (১৯ জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি কিংবা ইতালি—কেউই কখনো কারও কাছে অনুনয়-বিনয় করে না।”
উল্লেখ্য, সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে ট্রাম্প ও মেলোনির অবস্থানগত পার্থক্যের কারণে দুই নেতার মধ্যে উত্তেজনা বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট