২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে উষ্ণ শুভেচ্ছা বার্তা শেহবাজ শরিফের

তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে উষ্ণ শুভেচ্ছা বার্তা শেহবাজ শরিফের

জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই পরিবর্তনকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে দেখা হচ্ছে। শপথের পরপরই পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ শীর্ষ নেতারা অভিনন্দন জানিয়েছেন এবং দুই দেশের সম্পর্ক জোরদারের আশা প্রকাশ করেছেন। খবর দ্য ডন

সংবাদমাধ্যমটি বলছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। সংসদ নির্বাচনে তার দলের বড় জয় দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

৬০ বছর বয়সী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই তাকে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠন এবং ২০২৪ সালে শেখ হাসিনার সরকারের পতনের পর দীর্ঘ অস্থিরতায় ক্ষতিগ্রস্ত তৈরি পোশাক খাতসহ গুরুত্বপূর্ণ শিল্পগুলো পুনরুজ্জীবিত করার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।