১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমানকে দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের হাইকমিশনারের একটি বৈঠক হয়েছে, যেখানে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে আপনারা যে আমন্ত্রণের কথা উল্লেখ করলেন—আমরা তাঁকে দ্বিপাক্ষিক সফর এবং একই সাথে দিল্লিতে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি। এ বিষয়ে পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।”

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের আয়োজনে নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংস্থাটির নিয়ম অনুযায়ী, সম্মেলনে বিভিন্ন আঞ্চলিক জোটের প্রধানদের ‘আউটরিচ সেশন’-এ আমন্ত্রণ জানানো হয়ে থাকে। বর্তমানে আঞ্চলিক অর্থনৈতিক জোট বিমসটেক (BIMSTEC)-এর চেয়ারম্যানের দায়িত্বে রয়েছে বাংলাদেশ। সেই সুবাদে বিমসটেকের প্রধান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই সম্মেলনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ভারতের দেওয়া আমন্ত্রণের বিষয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে গতকাল পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশ এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তিনি বিষয়টি স্পষ্ট করে বলেন, “ব্রিকসে সরাসরি একক দেশ হিসেবে ‘প্রধানমন্ত্রী’কে নয়, বরং ‘চেয়ারপারসন অব বিমসটেক’ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া সরকার গঠনের দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি চিঠির মাধ্যমে আলাদাভাবে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বিষয়টি আমরা বিবেচনা করে দেখছি।”

Home R3