১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিক্ষাঙ্গন

‘তথ্যনির্ভর নাগরিক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন মাদরাসা শিক্ষার্থীরা’

‘তথ্যনির্ভর নাগরিক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন মাদরাসা শিক্ষার্থীরা’

প্রচার, অপপ্রচার ও নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে সঠিক তথ্য সংগ্রহ ও উপস্থাপনার বিষয়ে নবীন আলেম ও মাদরাসা শিক্ষার্থীদের প্রাথমিক ধারণা দিতে রাজধানীতে অর্ধদিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ীর কাজলারপাড় জামিয়া মাহমুদিয়া মাদ্রাসার হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিক নবীন আলেম ও মাদরাসা শিক্ষার্থী অংশ নেন।

প্রশিক্ষণে লেখালেখি ও সাংবাদিকতার মৌলিক ধারণা, সংবাদ সংগ্রহ ও উপস্থাপন, নাগরিক সাংবাদিকতার সম্ভাবনা ও দায়িত্ব, তথ্যের সত্যতা যাচাই বা ফ্যাক্টচেকিং এবং মোবাইল ফোন ব্যবহার করে তথ্য সংগ্রহসহ ইতিবাচক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণে বক্তব্য দেন সিনিয়র আলেম ও সাংবাদিক মাওলানা শরীফ মুহাম্মদ, সাংবাদিক ও আলেম জহির উদ্দিন বাবর, আলেম-লেখক সাদ আব্দুল্লাহ মামুন, হারামাইন টিভির কর্মকর্তা আব্দুস সবুর খান সুমন, মাওলানা মাহবুবুর রহমান এবং জামিয়া মাহমুদিয়ার মুহতামিম মুফতি ইমামুদ্দিনসহ সংশ্লিষ্টরা।

বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে তথ্যের সত্যতা যাচাই করে দায়িত্বশীলভাবে তা মানুষের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মোবাইল ফোনের সহজলভ্যতাকে কাজে লাগিয়ে নবীন আলেম ও মাদরাসা শিক্ষার্থীরা ইতিবাচক ও তথ্যনির্ভর নাগরিক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে তথ্যের সত্যতা যাচাই, উৎস নিশ্চিত করা, মানুষের প্রতি দায়বদ্ধতা ও নৈতিকতার বিষয়ও জড়িত। তাই নবীনদের সাংবাদিকতার প্রাথমিক জ্ঞান ও ফ্যাক্টচেকিং বিষয়ে সচেতন করা সময়ের দাবি।

জামিয়া মাহমুদিয়ার কর্তৃপক্ষের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে হারামাইন টিভি ও তালিমুদ্দিন ফাউন্ডেশন।

আয়োজকরা জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নবীন আলেম ও মাদরাসা শিক্ষার্থীদের সাংবাদিকতা, নাগরিক সাংবাদিকতা ও ফ্যাক্টচেকিং বিষয়ে প্রাথমিক ধারণা দিতে আরও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Home R3