২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকায় গত বছরের চেয়েও কম কোরবানির পশুর চামড়ার দাম

রাজধানীতে কোরবানির গরুর চামড়ার দাম এবারও প্রত্যাশার তুলনায় কম। সরকার লবণযুক্ত চামড়ার দাম বাড়ালেও মাঠপর্যায়ে সেই প্রভাব দেখা যায়নি বলে অভিযোগ করেছেন মৌসুমি ব্যবসায়ীরা।

আজ বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন ঢাকার কামরাঙ্গীরচর, মোহাম্মদপুর, ধানমন্ডি ও সায়েন্স ল্যাব এলাকায় ঘুরে দেখা যায়, মাঝারি আকারের কাঁচা গরুর চামড়া ৫০০ থেকে ৬৫০ টাকা, বড় চামড়া ৭০০ থেকে ৮০০ টাকা এবং ছোট চামড়া ২৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

গত বছর একই ধরনের মাঝারি চামড়া ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হয়েছিল। অন্যদিকে ছাগলের চামড়া বিক্রি হয়েছে মাত্র ৫ থেকে ১০ টাকায়।

মৌসুমি ব্যবসায়ীরা বলছেন, ট্যানারি মালিকেরা আগের চেয়ে কম দাম বলায় তারা বাধ্য হয়ে কম দামে চামড়া কিনছেন। তাদের দাবি, প্রতি পিসে গত বছরের তুলনায় ১৫০ থেকে ২০০ টাকা কম পাওয়া যাচ্ছে।

তবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. সাখাওয়াত উল্লাহ দাবি করেছেন, চামড়ার দাম কমেনি; বরং গত বছরের তুলনায় ২০ থেকে ৫০ টাকা বেশি রয়েছে। বিকেল-সন্ধ্যার দিকে বাজার আরও জমে উঠতে পারে বলেও জানান তিনি।

এদিকে ব্যবসায়ীরা জানিয়েছেন, এবার কোরবানির পশু ও চামড়া; দুটোর সরবরাহই গত বছরের তুলনায় কিছুটা কম মনে হচ্ছে।

Home R3