৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যর্থতা ও মৃত্যুর অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

সোমবার (৮ জুন) দুপুরে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক এ আদেশ দেন।

এর আগে সকালে একই আদালতে মামলার আবেদন করেন কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।

মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, তৎকালীন বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং সাবেক স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবু জাফরকে আসামি করা হয়।

আবেদনে অভিযোগ করা হয়, হামের টিকা সংকট ও চিকিৎসা ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার কারণে দেশে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।

বাদী শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, অন্তর্বর্তী সরকারের অবহেলা এবং টিকা আমদানিতে জটিলতার কারণে বিদেশি ভ্যাকসিন আমদানি বন্ধ হয়ে যায়। পরে টেন্ডার প্রক্রিয়াও স্থগিত হওয়ায় পরিস্থিতির অবনতি ঘটে এবং রোগটি সারা দেশে ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, এ ঘটনায় দায়ীদের শাস্তির আওতায় আনা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কোনো সরকার শিশুদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অবহেলা করতে না পারে।

এদিকে, গত ২০ মে হামের টিকা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানান, টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে অন্তত ১০ বার সতর্ক করা হয়েছিল এবং পাঁচটি পৃথক চিঠি দেওয়া হয়েছিল। তবে সে সময় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

Home R3