ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করার জন্য দেশটিকে ১৫ দফা আলোচনার প্রস্তাব দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের মাধ্যমে সেই প্রস্তাব তেহরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে বুধবার (২৫ মার্চ) খবর প্রকাশ হয়েছে।
এরপরই জানা গেছে, সেই প্রস্তাব সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে ইরান। এর আগে ট্রাম্প তেহরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দাবি করলেও ইরান স্পষ্ট করে বলেছিল, কোনো যোগাযোগই হয়নি।
বুধবার (২৫ মার্চ) ট্রাম্পের ১৫ দফার তথাকথিত শান্তি পরিকল্পনা পুরোপুরি প্রত্যাখ্যান করেছে এবং যুদ্ধ বন্ধের জন্য নিজের সার্বভৌম ও কৌশলগত শর্তগুলো সামনে এনেছে তেহরান।
প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, ইরান তার শান্তি পরিকল্পনার প্রধান বিষয়গুলোতে, যেমন পারমাণবিক অস্ত্রের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করার প্রশ্নে, সম্মত হয়েছে। তবে তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মধ্যস্থতাকারীদের কাছে তারা স্পষ্ট করেছে যে ট্রাম্পের পরিকল্পনা তাদের কাছে মোটেও গ্রহণযোগ্য নয়।
ইরানি আইনপ্রণেতারা এর পরিবর্তে নিজস্ব একটি চুক্তির প্রস্তাব দিয়েছেন। সেখানে হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ কর্তৃত্ব এবং বিদেশে তাদের মিত্রশক্তিগুলোর নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস, যারা বর্তমানে তেহরানের প্রতিরক্ষা ও নিরাপত্তা কাঠামোর অন্যতম প্রধান শক্তি, ঘোষণা করেছে যে উপসাগরীয় অঞ্চল থেকে সব মার্কিন ঘাঁটি প্রত্যাহার এবং ইরানের ওপর হামলার ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত তারা নিজেদের অবস্থান থেকে সরে আসবে না।