১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

টিকটকের মডেল বানানোর প্রলোভনে কিশোরীকে পতিতালয়ে বিক্রি

ফরিদপুরে এক কিশোরীকে টিকটক তারকা ও মডেল বানানোর প্রলোভন দেখিয়ে পতিতালয়ে বিক্রির দায়ে আদল কাজী (৫৪) নামের এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১১ মে) মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে দুটি ধারায় মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। দুটি সাজা একসঙ্গে কার্যকর হওয়ায় তাকে মোট সাত বছর কারাভোগ করতে হবে।

আদালত সূত্রে জানা যায়, মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ১০ ধারায় পাঁচ বছর এবং ১১ ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০২১ সালের ২০ জুলাই ১৬ বছর বয়সী এক কিশোরীকে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে ও টিকটক মডেল বানানোর প্রলোভন দিয়ে বাড়ি থেকে অপহরণ করা হয়। পরে তাকে শহরের রথখোলা এলাকার একটি পতিতালয়ে বিক্রি করে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করা হচ্ছিল।

ঘটনা জানতে পেরে ২৭ জুলাই রাতে র‍্যাব-৮ অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে আদল কাজীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।

তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় দেন।