মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে তিনি এ সহযোগিতা চান। এ সময় আনোয়ার ইব্রাহিম সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে গ্যাস সংকট নিরসনে সহায়তার আশ্বাস দেন।
এ তথ্য জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রী এর আগে সোমবার আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি পাঠান। মঙ্গলবার মালয়েশিয়ায় সেই চিঠি হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।
চিঠিতে বাংলাদেশের গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে বিদ্যমান ঘাটতি কমাতে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করা হয় বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “মালয়েশিয়া তাৎক্ষণিক কোনো সমাধান দিতে পারে কি না, তা তারা জানাবে। যদি দ্রুত সমাধান সম্ভব হয়, সেটি ইতিবাচক হবে। অন্যথায় কী ধরনের সহযোগিতা করা যেতে পারে, সে বিষয়েও তারা মতামত দেবে।”
প্রতিমন্ত্রী আরও জানান, মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির বিষয়ে বাংলাদেশ আগে থেকেই কাজ করছে। এলএনজি সরবরাহ ছাড়াও প্রযুক্তিগত অভিজ্ঞতা, পরামর্শ এবং সম্পদ ভাগাভাগির মাধ্যমে সহযোগিতার সম্ভাবনাও আলোচনায় এসেছে।