৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করছে সরকার: নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম (ফাইল ছবি)

জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে সরকার ছলচাতুরী করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (৯ মে) সকালে রাজধানীর একটি হোটেলে ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে সরকার টালবাহানা করছে এবং বিষয়টি এড়িয়ে যেতে চায়। তবে জনগণের অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই সাংবিধানিক সংস্কার হতে হবে।

তিনি আরও বলেন, গণভোটের নির্দেশনা অনুযায়ী দ্রুত সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠন করা প্রয়োজন। এ নিয়ে কোনো ধরনের ছলচাতুরী দেশের মানুষ মেনে নেবে না।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীসহ দলটির শীর্ষ নেতারা গণভোটের পক্ষে অবস্থান নিলেও ক্ষমতায় আসার পর তারা এর বিরোধিতা করছে। এর মাধ্যমে জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

পরবর্তীতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আলোচনা চলবে এবং শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। তাতেও সরকার ইতিবাচক সাড়া না দিলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, সারোয়ার তুষার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ ও তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।