জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগ তুলে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামের এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের প্রতিনিধিরা এই অভিযোগ জমা দেন।
শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই স্বপন শুক্রবার রাতে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, অভিযোগকারীরা লিখিত আবেদনে উল্লেখ করেছেন যে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলনের স্মৃতি এবং শহীদদের আত্মত্যাগ সম্পর্কে অবমাননাকর মন্তব্য ও কর্মকাণ্ডে জড়িত।
অভিযোগপত্রে বলা হয়, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু অভিযুক্তরা এই আন্দোলনকে ঘিরে বিভ্রান্তিকর ও অবমাননাকর অপপ্রচার চালিয়েছেন, যা জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।
এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, শান্তা ফারজানা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও প্রকাশ করেছেন, যা ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।