১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জুনের ১৩ দিনে প্রবাসী আয় ১৩৬ কোটি ডলার

চলতি জুন মাসের প্রথম ১৩ দিনে দেশে ১৩৬ কোটি ২২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ফলে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ৪৮ লাখ ডলার প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৯ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ২৩ কোটি ৩৫ লাখ ১০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সর্বোচ্চ ৮২ কোটি ৫৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ৪০ হাজার ডলার।

এর আগে গত মে মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এরও আগে মার্চ মাসে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।

চলতি বছরের এপ্রিল মাসে দেশে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স। এছাড়া ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার প্রবাসী আয় দেশে আসে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

বিশ্লেষকদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, সরকারের প্রণোদনা সুবিধা এবং বিদেশে কর্মরত বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধির কারণে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী রয়েছে।

Home R3