রাজধানীর গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার পেছনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচ্ছন্ন ভূমিকা ও সম্পৃক্ততা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেওয়া এবং জেলা প্রশাসন আয়োজিত সচেতনতামূলক র্যালি শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে যোগাযোগের মাধ্যমেই হয়তো আওয়ামী লীগ আবার মাঠে নামার সাহস দেখাচ্ছে। ইতিহাসের উদ্ধৃতি টেনে তিনি বলেন, ১৯৯৬ সালেও আওয়ামী লীগের সঙ্গে মিলে তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে একযোগে আন্দোলন করেছিল জামায়াত। এবারও জামায়াতের ওপর ভর করেই আওয়ামী লীগ রাজনৈতিক কর্মসূচি পালনের দুঃসাহস দেখাচ্ছে।
তিনি আরও বলেন, জামায়াত নেতারা বিভিন্ন সময় বলছেন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তাদের কোনো আপত্তি নেই। অথচ দেশের সাধারণ জনগণ আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী রাজনীতিকে আর কখনোই মেনে নেবে না।
এর আগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে আয়োজিত সচেতনতামূলক র্যালিতে অংশ নেন রাশেদ খাঁন। এ সময় জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা এবং যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।