১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

জমিয়ত কোনো বিদেশি প্রভুর গোলামী করে না : নেতৃবৃন্দ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জানিয়েছে, তাদের রাজনীতি কোনো বিদেশি শক্তি বা প্রভুর স্বার্থ রক্ষার জন্য নয়; বরং ইসলামের আদর্শ, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জাতির কল্যাণ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

শনিবার (১১ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কবি নজরুল ইসলাম হলে অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তরের কাউন্সিল ও সদস্য সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

মহানগর উত্তরের সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নুর মোহাম্মদ কাসেমীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

বক্তারা বলেন, জমিয়তের নীতি ও অবস্থান সবসময় দেশের স্বার্থ, জনগণের কল্যাণ এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে নির্ধারিত হয়। কোনো বিদেশি প্রভাব বা নির্দেশে পরিচালিত হওয়ার প্রশ্নই আসে না।

সম্মেলনে কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, কওমি মাদরাসাবিরোধী অপপ্রচার বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং শিক্ষার সব স্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করাসহ ১০ দফা দাবি জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাস, ধর্ষণ, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলার অবনতিতে জনগণ উদ্বিগ্ন। এসব সমস্যা মোকাবিলায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনদুর্ভোগ লাঘবেও দ্রুত উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।

সম্মেলন থেকে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়। এছাড়া শাপলা চত্বর ও ২০২৪ সালের গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়।

এ সময় কথিত ‘পুশইন’ ইস্যুতে উদ্বেগ জানিয়ে আন্তর্জাতিক আইন ও প্রতিবেশীসুলভ আচরণ বজায় রাখার আহ্বান জানানো হয়।

কাউন্সিলে মুফতি মকবুল হোসাইন কাসেমীকে সভাপতি, মাওলানা নুর মোহাম্মদ কাসেমীকে সাধারণ সম্পাদক এবং মাওলানা তাহের সাঈদকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

Home R3