১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদাবাজির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান জামায়াত আমিরের

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিকভাবে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি অভিযোগ করেন, দেশের অভ্যন্তরীণ কিছু লোকই এই অপরাধের সঙ্গে জড়িত।

মঙ্গলবার (১৩ মে) মিরপুর-১ শাহ আলী পাইকারি বাজার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় ব্যবসায়ীরা বাজারে ‘নীরব চাঁদাবাজি’র অভিযোগ করলে তিনি এর বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানান।

তিনি বলেন, “এখানে তো আফ্রিকার জঙ্গল থেকে এসে কেউ চাঁদাবাজি করে না। আমাদের সঙ্গেই থাকা, আমাদের সমাজেরই কিছু লোক এসবের সঙ্গে জড়িত। তাদের পরিচয় সবাই জানে।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, সংসদ সদস্যরা চাইলে সিদ্ধান্ত নিতে পারেন যাতে দেশে চাঁদাবাজি না থাকে। তাহলে কেউ তা করার সাহস পাবে না। তিনি বলেন, ব্যবসায়ীরা চাইলে প্রতিরোধ গড়তে তারা সহযোগিতা করতে প্রস্তুত।

বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বর্তমানে বাজার আরও অস্থির হয়ে উঠেছে, যার কারণে স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। জনগণের স্বার্থে বাজার পরিস্থিতি স্বাভাবিক করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

পরিদর্শনকালে ব্যবসায়ীরা অভিযোগ করেন, বাজারের দোকানগুলো পূর্বে বিভিন্ন ব্যক্তির নামে রাজনৈতিকভাবে বরাদ্দ দেওয়া হলেও বর্তমানে সাধারণ ব্যবসায়ীরা অতিরিক্ত ভাড়ার চাপে রয়েছেন। অনেক দোকান এক লাখ থেকে দেড় লাখ টাকায় পুনরায় ভাড়া দেওয়া হচ্ছে বলেও তারা জানান। পাশাপাশি মাদক ও ‘নীরব চাঁদাবাজি’র অভিযোগও তোলেন তারা।

ব্যবসায়ীরা বলেন, সরকারি নির্ধারিত ভাড়ার হার থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না, ফলে সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ সময় ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান প্রমুখ।