আগামী ৯ আগস্ট ফটিকছড়ি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সোমবার (০৪ আগস্ট) বিকেলে ফটিকছড়ির ফেলাগাজী দিঘি এলাকার সিএমবি মাঠে প্রধানমন্ত্রীর জন্য নির্মাণাধীন হেলিপ্যাড পরিদর্শন করেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
পরিদর্শন শেষে তিনি বলেন, শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীর ফটিকছড়ি সফরের যে প্রত্যাশা ছিল, তা বাস্তবায়িত হতে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সফরকালে প্রধানমন্ত্রী স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীরা ধারাবাহিকভাবে প্রস্তুতি সভা করছেন। পাশাপাশি সাধারণ মানুষও তাকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছেন।
সরোয়ার আলমগীর আরও বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে ফটিকছড়িসহ চট্টগ্রাম-২ এলাকাকে উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে।
এদিকে, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদরাসার মুহাদ্দিস ড. মাওলানা হারুন আজিজী। তিনি জানান, সফরকে কেন্দ্র করে মঙ্গলবার মাদরাসায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে, যেখানে বরণ ও সার্বিক কর্মসূচি চূড়ান্ত করা হবে।