১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

খিচুড়ি রান্না শিখতে বিদেশ যাওয়ার দিন শেষ: শিক্ষামন্ত্রী

সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফরের যুগ শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, একসময় তুচ্ছ বিষয়েও বিদেশ সফরের প্রবণতা থাকলেও বর্তমানে সেই পরিস্থিতি আর নেই।

শনিবার (১১ জুলাই) সকালে সাভারের নলাম এলাকায় গণবিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীরা তাদের কোর্স সম্পন্ন করতে পারবে এবং সেশনজটমুক্তভাবে ইন্টারমিডিয়েট পর্যন্ত ১২ বছরের শিক্ষা শেষ করা সম্ভব হবে। শিক্ষার্থীদের সময় অপচয় রোধ করে তাদের দক্ষ জনশক্তিতে পরিণত করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।

নতুন শিক্ষাক্রম প্রসঙ্গে তিনি বলেন, চতুর্থ শ্রেণি থেকেই ‘লার্নিং উইথ হ্যাপিনেস’, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং সঠিক ইতিহাস ধাপে ধাপে পাঠ্যবইয়ে যুক্ত করা হবে।

শিক্ষকদের দক্ষতা উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে মন্ত্রী জানান, শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাড়ানো হচ্ছে এবং নতুন পদ্ধতিতে এসব পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আগামী রোববার বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এবার প্রথমবারের মতো বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও এই ব্যবস্থার আওতায় আনা হয়েছে। আপাতত সরকারি বিদ্যালয়ের জন্য ৮০ শতাংশ এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য ২০ শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার ফল আগাম প্রকাশের বিষয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এটি কোনো প্রযুক্তিগত ত্রুটি ছিল না; বরং একজন অপারেটর ব্যক্তিগতভাবে নির্ধারিত সময়ের আগে ফল প্রকাশ করেছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন অনিয়ম সহ্য করা হবে না।

Home R3