১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা জানালেন ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় গত তিন দিনে তেমন পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন।

শনিবার (২৯ নভেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

ডা. জাহিদ বলেন, যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে চিকিৎসা প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে। বিদেশে নেওয়ার সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের মূল্যায়নের ওপর নির্ভর করবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি জানান, চিকিৎসকদের দেওয়া চিকিৎসা খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন।

হাসপাতালের সামনে অযথা ভিড় না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, দেশবাসীর দোয়ার ওপর ভরসা রাখা হচ্ছে। সবার দোয়ায় খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, দীর্ঘদিন কারাবাস ও চিকিৎসা না পাওয়ার অভিযোগে খালেদা জিয়ার বিভিন্ন জটিল রোগ দেখা দেয়। গত বছরের গণঅভ্যুত্থানে সরকার পতনের পর ৬ মে দেশে ফেরার পর থেকে তাকে একাধিকবার হাসপাতালে যেতে হয়েছে। সর্বশেষ ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

Home R3