২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ক্ষেপণাস্ত্র না থাকলে ইরানের পরিণতিও গাজার মতো হতো: প্রেসিডেন্ট মাসুদ

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি না থাকলে ইরান গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হতে পারত। প্রতিরক্ষা সক্ষমতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সামরিক শক্তি না থাকলে শত্রুরা ইরানের সাধারণ মানুষকেও রেহাই দিত না।

বুধবার (২৪ জুন) সংবাদমাধ্যম আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। পাকিস্তান সফরকালে দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান স্পষ্ট করেন, ইরানের আত্মরক্ষার সক্ষমতা নিয়ে কোনো আপস করা হবে না।

মঙ্গলবার (২৩ জুন) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে ইসলামাবাদে পৌঁছান ইরানের প্রেসিডেন্ট। রাওয়ালপিন্ডির নূর খান বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও ওমান থেকে এসে প্রেসিডেন্টকে স্বাগত জানান।

পেজেশকিয়ান বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানের প্রতিরক্ষার মূল শক্তি। এটি না থাকলে দেশটির পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। তাই এই কর্মসূচি নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

সূত্র: আল-আরাবিয়া

Home R3