যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেও নিজেদের সামরিক সক্ষমতা বজায় থাকার দাবি করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জামসহ দেশীয়ভাবে এক হাজারের বেশি ধরনের অস্ত্র উৎপাদন করছে তারা।
শনিবার (২৫ এপ্রিল) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি-এর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে ডয়চে ভেলে।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল রেজা তালাই-নিক বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্য ও গোপন উভয় পদ্ধতিতে অস্ত্র উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি জানান, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জাম মিলিয়ে বর্তমানে ইরান এক হাজারেরও বেশি ধরনের অস্ত্র তৈরি করছে।
তিনি আরও দাবি করেন, চলমান যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের একটি উল্লেখযোগ্য অংশ এখনও অবশিষ্ট রয়েছে।
তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ইরানের অস্ত্র উৎপাদন ও মজুদ সংক্রান্ত এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, সংঘাত চলাকালে ইরানের ক্ষেপণাস্ত্রের সরবরাহ দ্রুত কমে আসছে এবং উৎপাদন কেন্দ্রগুলো অচল হয়ে পড়েছে।
এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে ভিন্নমুখী বক্তব্য ও বিশ্লেষণ অব্যাহত রয়েছে।