দেশের বিভিন্ন স্থানে কালেমার পতাকা প্রদর্শনের ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর চেষ্টা হতে পারে, তবে বাংলাদেশে সংগঠিত জঙ্গিবাদী তৎপরতা বা বড় ধরনের কোনো উগ্রবাদী সংগঠনের অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।
আরবি হরফ লেখা পতাকা প্রদর্শনের ঘটনায় কারা জড়িত? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু মানুষ ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করতে পারে। কিছু সংগঠনকে চরমপন্থি বলা যেতে পারে। তবে দেশে সংগঠিত জঙ্গিবাদী তৎপরতা বা বড় ধরনের কোনো উগ্রবাদী সংগঠনের অস্তিত্ব আছে বলে সরকার মনে করে না।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীও স্পষ্টভাবে জানিয়েছেন, বাংলাদেশে উগ্রবাদী বা মৌলবাদী কোনো শক্তির উত্থান ঘটতে দেওয়া হবে না।
সংবাদ ব্রিফিংয়ে তিনি শিক্ষার্থীদের আন্দোলন, বিদেশে গ্রেফতার আসামিদের প্রত্যর্পণ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ, মাদকবিরোধী অভিযান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের তালিকা, পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।