১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

কাঁটাতার ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা হবে কূটনৈতিকভাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কাঁটাতার ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা হবে কূটনৈতিকভাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশের প্রধান উদ্বেগ নিরাপত্তা এবং সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের ‘পুশ-ইন’ না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকা।

মঙ্গলবার (১২ মে) আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)কে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ঈদকে সামনে রেখে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি। পশুর হাটগুলোতে সিসিটিভিসহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কুরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হটলাইন চালু থাকবে।

চাঁদাবাজির অভিযোগ জানাতে ১৬৬১১৩ নম্বরে ফোন দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী। তিনি আরও জানান, ঈদের আগে সাত দিন এবং পরে সাত দিন পরিস্থিতি পর্যবেক্ষণে একটি মনিটরিং সেল কাজ করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫টি এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১১টি পশুর হাট বসবে। এছাড়া কুরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহের জন্য সরকার ২০ কোটি টাকা বরাদ্দ করেছে।