৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কওমি শিক্ষার্থীদের সজাগ থাকতে বললেন রাশেদ খাঁন

কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের দেশপ্রেম এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে তাঁদের সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে দেশমাতৃকার যেকোনো প্রয়োজনে সর্বদা এভাবেই সজাগ ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় রাশেদ খাঁন কওমি অঙ্গনের প্রতি এই শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

পোস্টে তিনি লেখেন, ‘কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা আমার কাছে সবসময় প্রিয়। দেশ ও জনগণের স্বার্থে তারা কখনো সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করে না।’ সাম্প্রতিক গণঅভ্যুত্থানে তাঁদের সক্রিয় অংশগ্রহণ ও আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি আরও উল্লেখ করেন, ‘গণঅভ্যুত্থানে কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। আমি তাদের ধন্যবাদ জানাই।’

দেশের ভবিষ্যৎ সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় কওমি শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকার ওপর আস্থা রেখে পরিশেষে তিনি লেখেন, ‘দেশমাতৃকার প্রয়োজনে সজাগ থাকো হে বীর দেশপ্রেমিক শিক্ষার্থীরা।’

সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তাটি প্রকাশের পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ নেটিজেনদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলে। অনেকেই মন্তব্যের ঘরে দেশের বিভিন্ন জাতীয় সংকটে কওমি শিক্ষার্থীদের ঐতিহাসিক অবদান ও ত্যাগের কথা তুলে ধরে আলোচনা করছেন।

Home R3