১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

দেশের কওমি মাদরাসার শিক্ষার্থীদের জন্য সরকারি উদ্যোগে কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়নে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

মুফতি আবুল হাসান জানতে চান, দেশের কওমি ও আলিয়া মাদরাসাগুলোতে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না এবং থাকলে তা কবে থেকে বাস্তবায়ন করা হবে।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কওমি মাদরাসার শিক্ষার্থীদের সরকারি কোনো প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার সুযোগ বর্তমানে নেই। ফলে কওমি মাদরাসায় সরকারি কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণের কোনো উদ্যোগও নেওয়া হয়নি।

অন্যদিকে আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, “Capacity Development of Madrasah Education” শীর্ষক স্কিমের আওতায় ৫০০টি আলিয়া মাদ্রাসায় ভোকেশনাল (কারিগরি) কোর্স চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মাদরাসাগুলো ইতোমধ্যে নির্বাচন করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, ওই স্কিমের আওতায় পাঁচটি ট্রেডে কারিগরি প্রশিক্ষণ পরিচালনার জন্য মোট ৪৬৯ জন রিসোর্স পারসনের তালিকা প্রস্তুত করা হয়েছে।

এ ছাড়া আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের ভাষা ও যোগাযোগ দক্ষতা বাড়াতে ১০০টি মাদ্রাসায় ‘কমিউনিকেটিভ আরবি ল্যাঙ্গুয়েজ ল্যাব’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পের জন্য প্রয়োজনীয় মাদ্রাসা নির্বাচন প্রক্রিয়াও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, এসব উদ্যোগের মাধ্যমে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের আধুনিক কর্মবাজারের উপযোগী দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে।

Home R3