১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক

একটি নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুটি সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত

একটি নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুটি সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে সফরের জন্য একটি নয়, বরং দুটি সম্পূর্ণ আলাদা আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল সরাসরি দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফরের জন্য এবং অন্যটি ছিল ১৮তম ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে অংশ নেওয়ার জন্য।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ পৌঁছে দেওয়া হয়। পরবর্তীতে বিমসটেক জোটের বর্তমান চেয়ারম্যান হিসেবে তাঁকে ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে যোগদানের আলাদা আমন্ত্রণ পাঠানো হয়। ফলে তাঁর কাছে স্পষ্টতই দুটি পৃথক আমন্ত্রণপত্র ছিল।

ভারতের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক ব্যাখ্যাটি এমন এক সময়ে এলো, যার কিছুদিন আগেই বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আমন্ত্রণের প্রকৃতি নিয়ে মন্তব্য করেছিলেন। গত ১০ সেপ্টেম্বর তিনি উল্লেখ করেছিলেন, তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি, বরং কেবল বিমসটেক চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী হিসেবে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় আমন্ত্রণ না থাকলে তিনি কীভাবে ভারত সফরে যাবেন, সে বিষয়েও তিনি প্রশ্ন তোলেন।

উদ্ভুত বিতর্কের প্রেক্ষিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশ ব্রিকস জোটের আনুষ্ঠানিক সদস্য কিংবা অংশীদার রাষ্ট্র নয়। তবে বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে জোটের প্রতিনিধি রূপেই তারেক রহমানকে গত ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলনের বিশেষ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছিল।

অন্যদিকে, দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণটি সম্পূর্ণ আলাদা ছিল এবং তা দেওয়া হয়েছিল গত ফেব্রুয়ারিতে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা ঢাকায় এসে তারেক রহমানকে অভিনন্দন জানান এবং সপরিবারে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রটি সরাসরি তাঁর হাতে হস্তান্তর করেন।

ভারতের শীর্ষস্থানীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার তারেক রহমানের সম্ভাব্য প্রথম দিল্লি সফরকে শুধুই কোনো বহুপক্ষীয় সম্মেলনের অংশ হিসেবে না দেখে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফর হিসেবেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছিল। তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই নতুন বক্তব্যের মাধ্যমে আমন্ত্রণপত্রের সংখ্যা ও ধরন নিয়ে কূটনৈতিক অঙ্গনে তৈরি হওয়া যাবতীয় অস্পষ্টতা দূর করার চেষ্টা করা হলো।

Home R3