২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসরাইলে মিসাইল হামলা চালালো ইরান

ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার (০৭ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকে একযোগে এই হামলা চালানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। হামলার পর তেলআবিবসহ ইসরাইলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

এর আগে লেবাননের রাজধানী বৈরুতে হামলা হলে যুদ্ধবিরতি মানা হবে না বলে সতর্ক করেছিল ইরান। পরবর্তীতে ইসরাইলের পক্ষ থেকে বৈরুতে হামলার পর পাল্টা জবাব হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির বরাতে জানা যায়, উত্তর ইসরাইলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যা ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলার জবাব হিসেবে চালানো হয়।

তবে ইসরাইলি সামরিক বাহিনী আইডিএফ দাবি করেছে, ইরান থেকে ছোড়া কমপক্ষে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে।

হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ঘটনাটি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।