ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ইউরোপজুড়ে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী শীতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ থাকবে কি না—তা নিয়ে উদ্বেগ বাড়ছে সংশ্লিষ্ট দেশগুলোতে।
বৃহস্পতিবার সুইজারল্যান্ডের বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থা সুইস ফেডারেল ইলেকট্রিসিটি কমিশন এক বিবৃতিতে জানায়, পরিস্থিতির আরও অবনতি হলে এর প্রভাব গোটা ইউরোপের পাশাপাশি সুইজারল্যান্ডের বিদ্যুৎ সরবরাহেও পড়তে পারে।
বর্তমানে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর মধ্যে চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে জ্বালানি পরিবহন ব্যাহত হয়ে বৈশ্বিক তেলের দামে চাপ তৈরি হয়েছে, যা ২০২২ সালের ইউক্রেন যুদ্ধ-পরবর্তী সময়ের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে কয়েক সপ্তাহের মধ্যেই জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করতে পারে।
এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা জানিয়েছে, বিকল্প উৎস থেকে দ্রুত জ্বালানি আমদানি বৃদ্ধি না করলে চলতি বছরের জুনের মধ্যেই ইউরোপজুড়ে বড় ধরনের জ্বালানি সংকট দেখা দিতে পারে।
পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।