মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অবিলম্বে ইরানে হামলা বন্ধ না করলে জামায়াতে ইসলামী বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
রোববার (১ মার্চ) দুপুরে বায়তুল মোকাররম প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, ইরানের ওপর হামলা ও আয়াতুল্লাহ আলি খামেনি-এর মৃত্যুর প্রতিবাদে জামাতের পক্ষ থেকে তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এটিএম আজহার ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেন, আপনারা জনগণকে বাধ্য করবেন না। অবিলম্বে ইরানের ওপর আক্রমণ বন্ধ করুন, তাহলে জনগণই তার সমুচিত জবাব দেবে।
তিনি আরও বলেন, যুদ্ধ বন্ধে জাতিসংঘ ও ওআইসি যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানানো উচিত। মুসলিম বিশ্বের দেশগুলো নিয়ে গঠিত ওআইসি যদি দায়িত্ব পালন না করে, তাহলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশসহ অন্যান্য দেশও ক্ষতিগ্রস্ত হবে এবং জিনিসপত্র ও তেলের দাম বৃদ্ধি পাবে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করবে।
এটিএম আজহারুল ইসলাম বলেন, ১৯৭৯ সালের ইরানের ইসলামী বিপ্লব দেশের জালিম সম্প্রদায়ের দীর্ঘ লড়াইয়ের ফল। এই বিপ্লবকে টিকিয়ে রাখার জন্য বিশ্বের বিভিন্ন শক্তি চেষ্টা করেছে, কিন্তু জনগণ এগুলোকে প্রতিহত করেছে। তাই গণতন্ত্রের মানদণ্ড শুধু দেশেই নয়, আন্তর্জাতিকভাবে প্রয়োগ করতে হবে।